ঘন্টার ব্যবধানেই পিছুটান দিল বিদ্যুত বিভাগ!

নিজস্ব প্রতিবেদক
4 August 2026 1:49 am
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগকে কেন্দ্র করে 'হুমকি’ দিয়ে জারি করা একটি বিজ্ঞপ্তি কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ বিভাগ পরিবর্তন করেছে।

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগকে কেন্দ্র করে ‘হুমকি’ দিয়ে জারি করা একটি বিজ্ঞপ্তি কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ বিভাগ পরিবর্তন করেছে।

ঘন্টার ব্যবধানেই পিছুটান দিল বিদ্যুৎ বিভাগ! অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগকে কেন্দ্র করে জারি করা একটি বিজ্ঞপ্তি কয়েক ঘণ্টার মধ্যেই তারা পরিবর্তন করেছে। প্রথম বিজ্ঞপ্তিতে অতিরিক্ত বিল নিয়ে ‘মিথ্যা তথ্য’ বা ‘অপপ্রচার’ চালালে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়। এই বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।  সমালোচনার মুখে ওই অংশ বিজ্ঞপ্তি থেকে পরে বাদ দেওয়া হয়।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। এ-সংক্রান্ত সব অভিযোগ ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো নিষ্পত্তি করেছে। ফলে এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো প্রমাণ ছাড়া বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য প্রচার করলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞপ্তিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ভুক্তভোগীদের অভিযোগ বা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনও কি ‘অপপ্রচার’ হিসেবে বিবেচিত হবে? অভিযোগ প্রকাশের ক্ষেত্রে এমন ভাষা ব্যবহারেরও সমালোচনা করেন অনেকে।

সমালোচনার পর ঘণ্টা দুয়েকের মধ্যেই ওই বিজ্ঞপ্তি সংশোধন করে মন্ত্রণালয়। ফেসবুকের এডিট হিস্টোরিতে দেখা যায়, অধিকাংশ বক্তব্য অপরিবর্তিত রাখা হলেও আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারিসংবলিত অংশটি বাদ দেয়া হয়েছে।

সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনও গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিলসংক্রান্ত অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে অবশ্যই কার্যকর ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।