অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের একমাত্র গোলই নির্ধারণ করে দেয় বিশ্ব ফুটবলের নতুন সম্রাটের নাম।
ফুটবল কখনো শুধু গোলের খেলা নয়, কখনো এটি কৌশল, ধৈর্য, মানসিক দৃঢ়তা আর সময়ের নির্মম বাস্তবতার গল্পও। ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ঠিক তেমনই এক ম্যাচ হয়ে থাকবে। ১২০ মিনিটের লড়াই শেষে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতে নিয়েছে স্পেন। অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের একমাত্র গোলই নির্ধারণ করে দেয় বিশ্ব ফুটবলের নতুন সম্রাটের নাম। শেষ বাঁশির সাথে সাথেই লা রোহা শিবিরে নেমে আসে আনন্দের বন্যা।
লা রোহা (La Roja) স্পেন জাতীয় ফুটবল দলের জনপ্রিয় ডাকনাম। স্প্যানিশ ভাষায় লা রোহার অর্থ “লাল দল”। যদিও স্টেডিয়াম জুড়ে ছিল আকাশি-সাদাদের দাপট। মাঠে কিন্তু সেই দাপট দেখা যায়নি আলবিসেলেস্তে (আকাশি-সাদা) শিবিরের। পুরো ম্যাচ তারা নিস্প্রভ ছিল।

লাল শিবিরের এই জয়কে কোনোভাবেই ভাগ্যের বলে ব্যাখ্যা করা যাবে না। পুরো টুর্নামেন্টজুড়েই স্পেন ছিল সবচেয়ে ধারাবাহিক, সবচেয়ে সংগঠিত এবং সবচেয়ে আধিপত্য বিস্তারকারী দল।
লাল শিবিরের এই জয়কে কোনোভাবেই ভাগ্যের বলে ব্যাখ্যা করা যাবে না। পুরো টুর্নামেন্টজুড়েই স্পেন ছিল সবচেয়ে ধারাবাহিক, সবচেয়ে সংগঠিত এবং সবচেয়ে আধিপত্য বিস্তারকারী দল। ফাইনালেও সেই চিত্রের ব্যতিক্রম ঘটেনি। বলের দখল, মাঝমাঠের নিয়ন্ত্রণ, আক্রমণ নির্মাণ এবং প্রতিপক্ষকে চাপে রাখার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়ে ছিল লুইস দে লা ফুয়েন্তের দল। ম্যাচজুড়ে আর্জেন্টিনাকে কার্যত নিজেদের অর্ধে আটকে রাখে স্পেন।
পরিসংখ্যানও সেই আধিপত্যের সাক্ষ্য দেয়। স্পেনের বলের দখল ছিল প্রায় ৬৫ শতাংশ। তারা গোলমুখে একের পর এক আক্রমণ চালালেও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস অসাধারণ নৈপুণ্যে দলকে বারবার রক্ষা করে গেছেন। তাঁর একাধিক দৃষ্টিনন্দন সেভ না থাকলে ম্যাচের ফল আরও বড় ব্যবধানে হতে পারত।
অন্যদিকে, লিওনেল স্কালোনির দল পুরো ম্যাচেই নিজেদের স্বাভাবিক ছন্দ খুঁজে পায়নি। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার পরিচয় ছিল কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়ানোর মানসিকতা। এবারের বিশ্বকাপেও তারা একাধিকবার পিছিয়ে থেকেও জয় তুলে নিয়েছে। কিন্তু ফাইনালে সেই প্রত্যাবর্তনের গল্প আর লেখা হয়নি। বিস্ময়করভাবে, ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত স্পেনের গোলমুখে কার্যকর কোনো আক্রমণই গড়ে তুলতে পারেনি তারা।
ম্যাচের মোড় ঘুরে যায় নির্ধারিত সময়ের শেষ দিকে। এনসো ফার্নান্দেস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে উড়তে থাকা স্পেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে নিকো উইলিয়ামসের তৈরি সুযোগ থেকে ফেরান তোরেস যে গোলটি করেন, সেটিই শেষ পর্যন্ত বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ করে দেয়।
ফাইনালের সবচেয়ে আলোচিত চরিত্র ছিলেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সী এই কিংবদন্তির এটি বিশ্বকাপে শেষ উপস্থিতি হতে পারে বলেই ধরে নিচ্ছেন অনেকেই। কিন্তু স্পেনের ঘন রক্ষণ, মাঝমাঠের চাপ এবং নিরবচ্ছিন্ন প্রেসিংয়ের মধ্যে তিনি নিজের স্বাভাবিক প্রভাব বিস্তার করতে পারেননি। পুরো ম্যাচে তাঁকে বল থেকে দূরে রাখার পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করে গেছে স্পেন।
তবে একটি ম্যাচ দিয়ে মেসির বিশ্বকাপ-অধ্যায়কে বিচার করা যায় না। পাঁচটি বিশ্বকাপ পেরিয়ে তিনি আর্জেন্টিনাকে ২০২২ সালে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন নিয়ে তিনি এবারও ফাইনালে উঠেছিলেন। কিন্তু ইতিহাসে ব্রাজিল ও ইতালির পর টানা দুই বিশ্বকাপ জেতা তৃতীয় দল হওয়ার স্বপ্ন শেষ পর্যন্ত অধরাই থেকে গেল।
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ম্যাচের আগে বলেছিলেন, মেসিকে একজন খেলোয়াড় দিয়ে আটকানো সম্ভব নয়; পুরো দলকে একসঙ্গে রক্ষণ করতে হবে। তাঁর সেই পরিকল্পনা মাঠে নিখুঁতভাবে বাস্তবায়িত হয়। স্পেন ব্যক্তিনির্ভর ফুটবল নয়, বরং সমষ্টিগত সংগঠন ও অবস্থানগত শৃঙ্খলার মাধ্যমে ম্যাচ নিয়ন্ত্রণ করেছে।
এই শিরোপা স্পেনের ফুটবল দর্শনেরও বড় স্বীকৃতি। ২০১০ সালের বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে বর্তমান দলের মিল রয়েছে বলের দখল ও মাঝমাঠের নিয়ন্ত্রণে, তবে নতুন স্পেন অনেক বেশি গতিশীল। লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, পেদ্রি ও রদ্রিদের সমন্বয়ে গড়া এই দল সুযোগ পেলেই দ্রুত আক্রমণে উঠেছে, আবার প্রয়োজনে দীর্ঘ সময় বল নিজেদের নিয়ন্ত্রণেও রেখেছে। এই ভারসাম্যই তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে।

শেষ বাঁশির সাথে সাথেই লা রোহা শিবিরে নেমে আসে আনন্দের বন্যা।
এই বিশ্বকাপে স্পেন আরও একটি বিরল কীর্তি গড়েছে। পুরো টুর্নামেন্টে তারা মাত্র একটি গোল হজম করে শিরোপা জিতেছে, যা বিশ্বকাপ ইতিহাসে অন্যতম সেরা রক্ষণাত্মক পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এটি তাদের টানা অপরাজিত ম্যাচের সংখ্যাও নতুন উচ্চতায় নিয়ে গেছে।
ফাইনালের পর ফুটবলবিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু স্পেনের শিরোপা নয়, প্রজন্ম বদলের প্রতীকী ছবিটিও। একদিকে বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মেসি, অন্যদিকে বিশ্বফুটবলের নতুন মুখ লামিনে ইয়ামাল। অনেকের চোখে এই ফাইনাল যেন দুই যুগের আনুষ্ঠানিক হাতবদল।
শেষ পর্যন্ত স্কোরলাইন ছিল মাত্র ১-০। কিন্তু ম্যাচের চিত্র ছিল তার চেয়েও স্পষ্ট। স্পেন শুধু একটি গোল বেশি করেনি; তারা পুরো ম্যাচজুড়েই কৌশল, সংগঠন ও নিয়ন্ত্রণে প্রতিপক্ষকে ছাপিয়ে গেছে।
পরিসংখ্যানই বলে দিচ্ছে, ম্যাচটি কতটা একপেশে ছিল। বলের দখলে স্পেনের ছিল প্রায় ৬৫ শতাংশ আধিপত্য। তারা মোট ২০টি শট নেয়, যার ৮টি ছিল লক্ষ্যভেদী। বিপরীতে আর্জেন্টিনা পুরো ম্যাচে মাত্র একটি শট নিতে সক্ষম হয় এবং সেটিও গোলমুখে রাখতে পারেনি। পাসের সংখ্যায়ও স্পেনের শ্রেষ্ঠত্ব ছিল স্পষ্ট। ৭১০টি সফল পাসের মাধ্যমে তারা ম্যাচের ছন্দ নিজেদের নিয়ন্ত্রণে রাখে, যেখানে আর্জেন্টিনা সফল পাস দিতে পারে ৩৪৮টি। কর্নারেও এগিয়ে ছিল স্প্যানিশরা (৯-২)। অন্যদিকে আর্জেন্টিনা ১৮টি ফাউল করে, চারটি হলুদ কার্ড দেখে এবং এনসো ফার্নান্দেস লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে শেষ মুহূর্তে তাদের লড়াই আরও কঠিন হয়ে পড়ে। পরিসংখ্যানের প্রতিটি স্তরেই স্পেনের আধিপত্য ফুটে ওঠে, যা শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফিও তাদের হাতেই তুলে দেয়।
বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে স্পেন প্রমাণ করেছে, সৌন্দর্য আর কার্যকারিতা একই দলের মধ্যেও সহাবস্থান করতে পারে। আর সেই কারণেই ২০২৬ সালের বিশ্বকাপের ট্রফি শেষ পর্যন্ত উঠেছে সবচেয়ে যোগ্য দলের হাতেই।
সূত্র: ফিফা, অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স, আল জাজিরা, দ্য টাইমস, ইউরোনিউজ, টকস্পোর্ট।