একবার ভাবুন তো, এমন একজন মানুষ, যার হাতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ গড়ে দেওয়ার আলাদিনের চেরাগের ক্ষমতা। তাঁর প্রতিষ্ঠানের তৈরি চিপ ছাড়া আধুনিক এআই বিশ্ব বিপ্লব প্রায় অচল। তাঁর একটি বক্তব্যে নড়েচড়ে বসে ওয়াল স্ট্রিট, সিলিকন ভ্যালি, এমনকি হোয়াইট হাউসও।
সেই মানুষটির ব্যক্তিগত সম্পর্ক এখন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, চীনের সঙ্গে প্রযুক্তিযুদ্ধ এবং কয়েক ট্রিলিয়ন ডলারের ব্যবসার আলোচনার কেন্দ্রে চলে এসেছে!
তিনি এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। আর তাঁকে ঘিরে আলোচনার অন্য প্রান্তে রয়েছেন অ্যালিস হুয়াং নামে এক চীনা সুন্দরী। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ, অ্যালিস চীনের গোয়েন্দা তৎপরতার সঙ্গে যুক্ত। জেনসেনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ককে কাজে লাগিয়ে এনভিডিয়ার গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা হয়ে থাকতে পারে।
ব্যক্তিগত সম্পর্কের এই ঘটনা এখন আর ব্যক্তিগত পর্যায়ে নেই। এর সঙ্গে জড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, চীনের প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এবং বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানির ভবিষ্যৎ।
কিন্তু এটি কি সত্যিই একটি পরিকল্পিত হানিট্র্যাপ? এনভিডিয়ার গোপন তথ্য কি ঝুঁকিতে পড়েছিল? আর একজন মানুষের ব্যক্তিগত সম্পর্ক কীভাবে কাঁপিয়ে দিতে পারে ট্রিলিয়ন ডলারের প্রযুক্তি সাম্রাজ্য?
চিপের রাজা জেনসেন হুয়াং
১৯৯৩ সালে আরও দুইসহপ্রতিষ্ঠাতার সঙ্গে এনভিডিয়া গড়ে তোলেন তাইওয়ানে জন্ম নেওয়া জেনসেন হুয়াং। শুরুতে প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ছিল কম্পিউটারের গ্রাফিকস প্রযুক্তি উন্নত করা। ভিডিও গেমের জগতে এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউ দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।
কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান বদলে দেয় সব হিসাব।
এআই মডেল তৈরি ও প্রশিক্ষণের জন্য একসঙ্গে বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করতে হয়। এই কাজে জিপিইউ অত্যন্ত কার্যকর। ফলে এনভিডিয়ার চিপের চাহিদা হু হু করে বাড়তে থাকে। বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলো এখন এআই অবকাঠামো গড়তে এনভিডিয়ার ওপর নির্ভরশীল।
তাই জেনসেন হুয়াং শুধু একজন ব্যবসায়ী নন। তিনি এখন বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাঁর প্রতিষ্ঠানের প্রযুক্তি অর্থনীতি থেকে শুরু করে সামরিক সক্ষমতা পর্যন্ত নানা ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।
অ্যালিস হুয়াং কে?
এই ঘটনার আলোচিত নারী অ্যালিস হুয়াং। তিনি চীনা নাগরিক এবং সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের সাবেক নির্বাহী। প্রতিষ্ঠানটি এআই কম্পিউটিংয়ের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও ক্লাউড সেবা সরবরাহের সঙ্গে যুক্ত।
বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, মেগাস্পিড এনভিডিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ চিপ কিনেছে। একই সঙ্গে উন্নত চিপ চীনা গ্রাহকদের কাছে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম মার্কিন কর্তৃপক্ষের নজরে আসে।
এখানেই অ্যালিস হুয়াংয়ের নাম সামনে আসে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের মূল্যায়ন অনুযায়ী, তিনি চীনের হয়ে তথ্য সংগ্রহের কাজে যুক্ত থাকতে পারেন। তাঁদের সন্দেহ, জেনসেন হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে এনভিডিয়ার ব্যবসায়িক পরিকল্পনা, চিপ সরবরাহ এবং যুক্তরাষ্ট্রের রপ্তানি নীতি সম্পর্কে তথ্য পাওয়ার চেষ্টা হয়ে থাকতে পারে।
যদিও এগুলো গোয়েন্দা সূত্র ও সংবাদমাধ্যমে প্রকাশিত অভিযোগ। অ্যালিস হুয়াংয়ের গুপ্তচরবৃত্তি জনসমক্ষে এখনো চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি।
প্রেম, নাকি গোয়েন্দা ফাঁদ?
হানিট্র্যাপ হলো এমন একটি গোয়েন্দা কৌশল, যেখানে প্রেম বা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে কোনো ব্যক্তির কাছ থেকে গোপন তথ্য নেওয়া কিংবা তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করা হয়।
এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, জেনসেন হুয়াং নিজেই স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করেছেন। ৮ নভেম্বর এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় তিনি বলেন, তিনি স্ত্রীর সাথে বিশ্বাস ভঙ্গ করেছেন। এতে তাঁর স্ত্রী ও সন্তানরা কষ্ট পেয়েছেন। তিনি পরিবারের কাছে ক্ষমা চান এবং নিজের কাজের সম্পূর্ণ দায়ও স্বীকার করেন।
একই বার্তায় কোম্পানির কর্মী, পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীদের কাছেও দুঃখ প্রকাশ করেন। তবে তিনি ওই নারীর নাম তখন উল্লেখ করেননি।
এরপরই তদন্তে নামল এনভিডিয়ার বোর্ড। বিতর্ক এতটাই গুরুতর হয়েছে যে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ ৮ নভেম্বর স্বাধীন তদন্তের ঘোষণা দিয়েছে। বাইরের আইনজীবীদের সহায়তায় স্বাধীন পরিচালকদের একটি কমিটি বিষয়টি খতিয়ে দেখবে।
তবে বোর্ডের বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ দিক আছে। তারা জানিয়েছে, এখন পর্যন্ত তাদের কাছে এমন কোনো কারণ নেই, যার ভিত্তিতে মনে করা যায় যে এনভিডিয়ার গোপন তথ্য বা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও সব তথ্য পরীক্ষা করে দেখা হবে।
যত যা-ই বলা হকো, এরকম টালমাটাল খবর শেয়ারবাজারে গিয়ে ১৯০ বিলিয়ন ডলারের ধাক্কা দিয়েছে।
৯ নভেম্বর এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৪ দশমিক ৩ শতাংশ কমে যায়। এক দিনেই কোম্পানির বাজারমূল্য থেকে মুছে যায় প্রায় ১৯০ বিলিয়ন ডলার! যা বাংলাদেশী টাকায় ২৪ লাখ কোটি টাকা। যা দিয়ে তিনবার দেশের বাজেট হয়ে যাবে।
একটি ব্যক্তিগত সম্পর্ক ঘিরে তৈরি হওয়া বিতর্ক কীভাবে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করতে পারে, এই ঘটনা তারই একটি বড় উদাহরণ।
এদিকে বিনিয়োগকারীদের পক্ষ থেকে এনভিডিয়া ও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে শ্রেণি-অ্যাকশন মামলা দায়েরের খবরও এসেছে। অভিযোগ, কোম্পানি গুরুত্বপূর্ণ ঝুঁকি সম্পর্কে বিনিয়োগকারীদের যথাযথ তথ্য দেয়নি। ফলে বিষয়টি এখন ব্যক্তিগত বিতর্ক ছাড়িয়ে আইনি লড়াইয়েও গড়িয়েছে।
কেন এত ভয় যুক্তরাষ্ট্রের?
কারণ, এআই এখন শুধু প্রযুক্তি বা ব্যবসার বিষয় নয়। এটি সামরিক শক্তি, গোয়েন্দা বিশ্লেষণ, সাইবার নিরাপত্তা এবং ভবিষ্যতের অর্থনীতির সঙ্গে জড়িত।
যুক্তরাষ্ট্র উন্নত চিপ চীনের হাতে যাওয়ার পথ সীমিত করতে রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে। ওয়াশিংটনের আশঙ্কা, এসব চিপ চীনের সামরিক ও কৌশলগত সক্ষমতা বাড়াতে ব্যবহার হতে পারে।
অন্যদিকে চীন নিজস্ব এআই শক্তি বাড়াতে মরিয়া। আর এনভিডিয়ার জন্য চীন একটি বড় বাজার। ফলে এখানে ব্যবসা, প্রযুক্তি ও রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থ একে অন্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছে।
এই অবস্থায় এনভিডিয়ার প্রধান নির্বাহীর সঙ্গে চীনা গোয়েন্দা তৎপরতায় সন্দেহভাজন একজন নারীর সম্পর্ক মার্কিন নীতিনির্ধারকদের উদ্বিগ্ন করবেই।
শেষ পর্যন্ত কী হবে? এখন কয়েকটি প্রশ্নের উত্তর পাওয়া জরুরি। অ্যালিস হুয়াং কি সত্যিই চীনের হয়ে কাজ করেছেন? জেনসেনের সঙ্গে তাঁর সম্পর্কের সুযোগে কোনো সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হয়েছিল? মেগাস্পিডের মাধ্যমে উন্নত এনভিডিয়া চিপ ফর্মুলা কি চীনে পৌঁছানোর চেষ্টা হয়েছিল কি না? আর এনভিডিয়ার ব্যবস্থাপনা কি আগে থেকেই এসব ঝুঁকি সম্পর্কে জানত?
তদন্তের ফলই এসব প্রশ্নের উত্তর দেবে।
একজন মানুষের ব্যক্তিগত সম্পর্ক দিয়ে শুরু হওয়া এই ঘটনা এখন বিশ্বের প্রযুক্তি রাজনীতির বড় আলোচনায় পরিণত হয়েছে। এখানে প্রেম আছে, বিশ্বাসভঙ্গ আছে, গোয়েন্দা সন্দেহ আছে, আছে দুই পরাশক্তির ক্ষমতার লড়াই।
কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি আরও গভীর।
একবিংশ শতাব্দীতে ক্ষমতা শুধু রাষ্ট্রপ্রধানদের হাতে নেই। ক্ষমতা রয়েছে প্রযুক্তি কোম্পানির হাতে, তাদের চিপে, ডেটা সেন্টারে এবং কয়েকজন শীর্ষ নির্বাহীর সিদ্ধান্তে।
তাই জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত জীবনের এই ঝড় শেষ পর্যন্ত এনভিডিয়ার ভবিষ্যৎ, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং চীনের সঙ্গে প্রযুক্তি প্রতিযোগিতার ওপর কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।
এটি কি সত্যিই একটি গোয়েন্দা হানিট্র্যাপ, নাকি ব্যক্তিগত সম্পর্ককে ঘিরে তৈরি হওয়া সন্দেহের পেছনে রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক হিসাব নিকাশ? আপনার কী মনে হয়? মতামত জানান কমেন্টে। কারণ এই গল্পের শেষ অধ্যায় এখনো লেখা হয়নি।