যে কারণে সেই সময় শেখ হাসিনা মার্কিন কূটনীতিককে সাক্ষাৎ দেননি

লুৎফর রহমান হিমেল
17 November 2026 4:58 pm
শেখ হাসিনার সমর্থকেরা এই ঘটনাকে বিদেশি চাপের সামনে নত না হওয়ার দৃষ্টান্ত হিসেবে ব্যাখ্যা করে থাকেন। তাঁদের কাছে এটি একজন প্রধানমন্ত্রীর রাজনৈতিক দৃঢ়তার ছবি।

শেখ হাসিনার সমর্থকেরা এই ঘটনাকে বিদেশি চাপের সামনে নত না হওয়ার দৃষ্টান্ত হিসেবে ব্যাখ্যা করে থাকেন। তাঁদের কাছে এটি একজন প্রধানমন্ত্রীর রাজনৈতিক দৃঢ়তার ছবি।

একজন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে চান। কূটনৈতিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিক অনুরোধও পাঠানো হয়। রাষ্ট্রপতি, বিরোধী দলের নেতা, পররাষ্ট্রমন্ত্রী, সবার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সম্পন্ন হয়। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আর সময়সূচি আসে না।

অপেক্ষা করতে করতেই ঢাকা ছাড়েন সেই রাষ্ট্রদূত। বেশ কবার তিনি চেষ্টা চালান। কিন্তু অনমনীয় প্রধানমন্ত্রী সেই আবেদনে সাড়া দেননি। সেই প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা। আর মার্কিন কূটনীতিকের নাম ড্যান ডব্লিউ মজিনা।

এক যুগ আগের ড্যান মজিনার সেই ঘটনাটির প্রসঙ্গটি আবারো স্মৃতির মানসপটে উঠে এল যখন ‍তিনি বাংলাদেশ সফরে এসে বললেন সেই সময়ের নানা কথা। একটু পেছনে ফিরে দেখা যাক।

ঘটনাটি ২০১৪ সালের ডিসেম্বরের। বাংলাদেশের রাজনীতিতে তখন তীব্র উত্তেজনা। ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সরকারের সঙ্গে কিছু পশ্চিমাদেশের সম্পর্কেও তৈরি হয়েছে অস্বস্তি।

ড্যান মজিনা ২০১১ সালের নভেম্বরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পরপরই ১ ডিসেম্বর তিনি শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে ২০১৩ সালের নভেম্বরেও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের ঢাকা সফরকালে তিনি শেখ হাসিনার সঙ্গে আরেকটি সাক্ষাতের সুযোগ পান। আর নয়।

কিন্তু পরবর্তী সময়ে সম্পর্কের সমীকরন বদলে যায়। ২০১৪ সালের ২০ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মজিনার দায়িত্বের শেষ দুই বছরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি।

তাঁর বিদায়ের আগে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে ১৫ ডিসেম্বর সাক্ষাৎ হয়। বিরোধী দলের নেতা রওশন এরশাদ এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বিদায়ী সাক্ষাৎ করেন তিনি। কিন্তু প্রধানমন্ত্রীর সাক্ষাতের সময় আর পাওয়া হয়নি তার।

পত্রিকার প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছিল।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হলেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তখনো সময়সূচি জানানো হয়নি। মজিনা শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছাড়াই দেশে ফিরে যান।

তাহলে তিনি কতবার চেষ্টা করেছিলেন?

এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। প্রকাশিত প্রতিবেদনে একাধিকবার চেষ্টার কথা আলোচনায় এলেও নির্দিষ্ট সংখ্যা উল্লেখ নেই।

তবে একটি বিষয় স্পষ্ট: কূটনৈতিক সৌজন্যের প্রচলিত রীতির বাইরে গিয়ে একজন গুরুত্বপূর্ণ বিদেশি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ না পেয়েই বাংলাদেশ ছাড়েন। ঘটনাটি তখনকার ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের শীতলতার একটি দৃশ্যমান প্রতীক হয়ে ওঠে।

একটি দেশের নির্বাচন কীভাবে হবে, সরকার কোন পথে চলবে, বিরোধী দলের সঙ্গে কীভাবে সমঝোতা হবে, এসব বিষয়ে বিদেশি রাষ্ট্রের বক্তব্য কতটা গ্রহণযোগ্য?

আর সেই বক্তব্য যখন আসে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর একটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে, তখন একটি ছোট দেশের প্রধানমন্ত্রীর সামনে তৈরি হয় কঠিন রাজনৈতিক পরীক্ষা।

ড্যান মজিনার বাংলাদেশে দায়িত্ব পালনের সময়টি ছিল রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৩ সালের শেষ দিকে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘাত তীব্র হয়।

যুক্তরাষ্ট্র চাইছিল সব প্রধান রাজনৈতিক পক্ষকে নিয়ে একটি নির্বাচন হোক। এ জন্য মজিনা প্রকাশ্যে সংলাপের পক্ষে কথা বলেছেন।

২০১৩ সালের ২১ অক্টোবর খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা, দুজনের বক্তব্যেই তিনি সংলাপের দরজা খোলা দেখছেন।

এর কয়েক দিন পর তিনি ভারতের কর্মকর্তাদের সঙ্গেও বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসব তৎপরতা আওয়ামী লীগ সরকারের একটি অংশের মধ্যে অসন্তোষ তৈরি করেছিল।

২০১৪ সালের ফেব্রুয়ারিতে গণমাধ্যমের খবর থেকে জানা যায়, আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে মজিনার কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হয়েছে।

নেতাদের অভিযোগ ছিল, তাঁর বিভিন্ন তৎপরতা আওয়ামী লীগের বিরুদ্ধে এবং ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে চলে যাচ্ছে।

৫ জানুয়ারি ২০১৪-এর নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের অবস্থান আরও স্পষ্ট হয়। মজিনা ওই নির্বাচনকে ত্রুটিপূর্ণ ও গ্রহণযোগ্য নয় বলে প্রকাশ্যে মন্তব্য করেন।

১১ ফেব্রুয়ারি তিনি সাংবাদিকদের জানান, নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ আগের মতো আর স্বাভাবিক নয়।

সেই প্রেক্ষাপটে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ না হওয়া নিছক একটি ব্যক্তিগত বা আনুষ্ঠানিক ঘটনা ছিল না। এটি দুই সরকারের মধ্যকার রাজনৈতিক দূরত্বের প্রতীক হিসেবে দেখা যেতে পারে।

শেখ হাসিনার সমর্থকেরা এই ঘটনাকে বিদেশি চাপের সামনে নত না হওয়ার দৃষ্টান্ত হিসেবে ব্যাখ্যা করে থাকেন। তাঁদের কাছে এটি একজন প্রধানমন্ত্রীর রাজনৈতিক দৃঢ়তার ছবি।

অন্যদিকে সমালোচকেরা বলতে পারেন, কূটনৈতিক যোগাযোগ সীমিত করা রাষ্ট্রীয় স্বার্থে কতটা কার্যকর ছিল, সেটিও প্রশ্নের বিষয়।

কিন্তু যে বিষয়টি অস্বীকার করা যায় না, তা হলো, ২০১৩-১৪ সালের নির্বাচনী সংকটে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং শেখ হাসিনা সরকারের অবস্থানের মধ্যে গভীর মতপার্থক্য তৈরি করে দিয়েছিল।

যে মতপার্থক্য শেষ অবধি ২৪ আন্দোলনের নেপথ্যে কাজ করছিল বলে আওয়ামী লীগের সমর্থকদের সন্দেহ।

একজন রাষ্ট্রপ্রধানের দৃঢ়তা কি বোঝা যায় তিনি কত বড় শক্তির সামনে দাঁড়াতে পারেন, তা দিয়ে? নাকি বোঝা যায়, সেই শক্তির সঙ্গে মতবিরোধের মধ্যেও দেশের স্বার্থ কতটা রক্ষা করতে পারেন, তা দিয়ে?

শেখ হাসিনা ও ড্যান মজিনার সম্পর্কের ঘটনাটি এই প্রশ্ন সামনে নিয়ে আসে। সময় গড়িয়ে গেছে বহু। এখন এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা যেতে পারে বৈকি।

শেখ হাসিনার সঙ্গে ড্যান মজিনার সম্পর্ক যে সহজ ছিল না, তার আরেকটি ইঙ্গিত পাওয়া যায় সাম্প্রতিক এক সাক্ষাৎকারে।

২০২৬ সালের ১১ নভেম্বর ঢাকার একটি পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মজিনা শেখ হাসিনার সঙ্গে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতাকে ‘বৈপরীত্যপূর্ণ’ বলে বর্ণনা করেন।

মজিনার ভাষ্য, শেখ হাসিনা তাঁকে খুব অপছন্দ করতেন এবং তা প্রকাশ্যেও বলতেন। অথচ একই শেখ হাসিনার সরকার তাঁকে বাংলাদেশের ৬৪টি জেলা সফরের সুযোগ করে দিয়েছিল।

এমনকি গোপালগঞ্জ সফরে তাঁর পরিবারের একজন সদস্যকে সঙ্গে দেওয়ার ঘটনাও তিনি স্মরণ করেছেন। বাংলাদেশের অনেক মানুষ আছেন যরা কিনা নিজ দেশের সব জেলা ঘুরে দেখেননি। অথচ একজন প্রতাপশালী দেশের কূটনীতিক, তিনি প্রতিটি জেলা ঘুরে ঘুরে দেখেছেন।

মজিনার বক্তব্য থেকে বোঝা যায়, দুই জনের সম্পর্কের মধ্যে বিরূপতা থাকলেও রাষ্ট্রীয় পর্যায়ে যোগাযোগ ও সহযোগিতার জায়গা পুরোপুরি বন্ধ ছিল না।

এখানেই ঘটনাটির গুরুত্বপূর্ণ দিক। শেখ হাসিনা মজিনার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন, এমন নয়। ২০১১ সালে সাক্ষাৎ হয়েছে, ২০১৩ সালেও সাক্ষাতের তথ্য রয়েছে।

কিন্তু দায়িত্বের শেষ পর্যায়ে বিদায়ী সাক্ষাতের অনুরোধ পূরণ হয়নি। ফলে ঘটনাটিকে সম্পূর্ণ ব্যক্তিগত বিরোধ বা একক কোনো রাজনৈতিক সিদ্ধান্তের ফল হিসেবে চূড়ান্তভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই।

তবু বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় ঘটনাটির প্রতীকী গুরুত্ব রয়েছে। এই জায়গা থেকেই শেখ হাসিনার রাজনৈতিক চরিত্রের একটি দিক তুলে ধরা যায়।

তিনি বিদেশি কূটনৈতিক চাপের মুখে সব সময় আপসহীন থেকেছেন। অন্তত তাঁর রাজনৈতিক সমর্থকেরা এটিই বিশ্বাস করেন।

সে কারণে তার সমর্থকদের মতে, তিনি একজন রাজনৈতিক লৌহমানবী। তবে এ জন্য প্রকৃত মানদণ্ড কেবল কোনো রাষ্ট্রদূতকে সাক্ষাৎ না দেওয়াই নয়।

বরং দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বাধীনতা, নিরাপত্তা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং মানুষের অধিকার রক্ষায় কতটা দৃঢ় ছিলেন তিনি, সেটিও কম বিবেচ্য নয়।

একজন রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে চেয়েছিলেন। কূটনৈতিক নিয়ম মেনে অনুরোধও পাঠানো হয়েছিল। কিন্তু সাক্ষাৎ আর হয়নি। ঘটনাটি ছোট হতে পারে, কিন্তু এর রাজনৈতিক গুরুত্ব বড়।

শেখ হাসিনার সমর্থকেরা এতে দেখেন বিদেশি শক্তির সামনে অনমনীয় এক নেত্রীকে। সমালোচকেরা দেখেন কূটনৈতিক দূরত্বের একটি দৃষ্টান্ত হিসেবে। ইতিহাসের কাজ কাউকে অন্ধভাবে মহান বা ভুল প্রমাণ করা নয়। ইতিহাসের কাজ সত্যকে সামনে আনা।

কারণ, রাষ্ট্রের মর্যাদা শুধু শক্তিশালী দেশের সঙ্গে সম্পর্ক রাখার মধ্যে নয়, সেই সম্পর্কের মধ্যেও নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার সক্ষমতার মধ্যে।